শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের গান্ধীবাড়ী চৌরাস্তা বাজার কমিটির সম্মানিত সদস্য মো. আসাদুজ্জামান আসাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনগণ। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে গান্ধীবাড়ী চৌরাস্তা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, গত রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গান্ধীবাড়ী চৌরাস্তার কিছুটা উত্তরে আসাদুজ্জামানের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, করলা মাদবপুর (ভক্তবাড়ী) এলাকার আলিম উদ্দিনের ছেলে মো. আক্তার এবং নাজিম উদ্দিনের ছেলে মো. রউফের নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। হামলায় আসাদুজ্জামান মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
হামলাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আহতের ছোট ভাই আজিজুল বলেন, “আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার ভাইয়ের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিক্ষোভকালে অংশগ্রহণকারীরা একটি সুনির্দিষ্ট ব্যানার প্রদর্শন করেন, যেখানে আহত আসাদের ছবিসহ অভিযুক্তদের পরিচয় তুলে ধরে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। সমাবেশে একাধিক বক্তা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসা ও নারীপাচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বক্তারা স্পষ্ট জানান, প্রহলাদপুর এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতি গ্রহণ করা উচিত। (তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য না পাওয়ায় স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করা যায়নি।)
ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি ও তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে গান্ধীবাড়ী চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এই বাংলা/এমএস
টপিক

