নাঙ্গলকোটে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর মামলা প্রত্যাহারে পরিবারকে হুমকি ও হামলার অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। আসামিদের স্বজনদের এমন ভয়ভীতি প্রদর্শন ও হামলার ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে ভিকটিমের পরিবার।

আজ বুধবার গণমাধ্যমের কাছে ভুক্তভোগী কিশোরীর মা (মামলার বাদী) অভিযোগ করে জানান, মামলার ১ নম্বর আসামি ফয়েজ আহম্মদের ভগ্নিপতির বাড়ি তাদের পাশাপাশি হওয়ায় তারা প্রতিনিয়ত মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। তিনি জানান, আসামির ভগ্নিপতি সাতবাড়ীয়া ইউনিয়নের তপবন গ্রামের সোহাগ, আনিস, আব্দুল জলিল ও শাহআলম তাঁদের বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা চালায় এবং মারধরের চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন। পরবর্তীতে এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী নারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৫ জুন বিকেলে ওই কিশোরী খালার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফেনীর বাসার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সে পালাক্রমে ধর্ষণের শিকার হয়। ওই দিন রাতে বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের জাফরের একটি টিনশেড ঘরে এ পাশবিক ঘটনা ঘটে। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ভুক্তভোগীর মায়ের কল পেয়ে পরদিন বুধবার (১৬ জুন) পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামের সিএনজিচালক রিয়াজ মোল্লা (২৬) ও ফয়েজ আহমেদ (২৬)-কে গ্রেপ্তার করে। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, বাদীপক্ষের নতুন লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here