বিশেষ প্রতিনিধি :
শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড, একটি ড্রেজার মেশিন অকেজো এবং বালুভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক অভিযুক্তকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি একটি মাহেন্দ্র ট্রাক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
একই দিনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এবং সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে পরিবেশ সংরক্ষণ, নদী রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

