কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অটোভ্যানের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার জামতলা মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার চালানটি উদ্ধার করা হয়।
আটকরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাপ হোসেন (৩২) ও একই এলাকার সিরাজুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানাঘাট এলাকা থেকে আসা একটি অটোভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যানটির সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি লাল প্যাকেটে মোড়ানো মোট ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, পাথরডুবি ইউনিয়ন ভারতীয় গাঁজা চোরাচালানের অন্যতম রুট। এ রুটে পুলিশের নিয়মিত নজরদারি রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। ভূরুঙ্গামারীকে মাদক ও চোরাচালানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

