ব্রাজিলের বিদায়ের ধাক্কা, কুড়িগ্রামে হৃদরোগে আক্রান্ত সমর্থক হাসপাতালে

কুড়িগ্রাম প্রতিনিধি :

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের পর মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে কুড়িগ্রামে মো. আলমগীর হোসেন (৩৫) নামে এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (৫ জুলাই) দিবাগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার পর এ ঘটনা ঘটে।

আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে বন্ধু ও এলাকার অন্যান্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে খেলা দেখছিলেন আলমগীর। ম্যাচের শুরুতে তিনি বেশ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে খেলা উপভোগ করলেও ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। খেলা শেষে দলের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কিছুক্ষণ পরই তার বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট ও অস্বস্তি দেখা দিলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়।

কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, অতিরিক্ত আবেগ, মানসিক চাপ বা হঠাৎ তীব্র উত্তেজনা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। খেলাধুলা বিনোদনের বিষয় হলেও তা নিয়ে অতিরিক্ত মানসিক চাপ না নেওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, আলমগীর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here