যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘শিক্ষকদের পাশে দাঁড়ানো-পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান’।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) ফুলবাগান হ্যালিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, অধ্যাপক (অব.) অলোক কুমার মৈত্র, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ও নাটোর সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. শহীদুল হক সরকার, নাটোর জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আমজাদ হোসেন, নাটোর সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান, অধ্যক্ষ মাওলানা আক্কাস আলী এবং সহকারী শিক্ষক আঃ জব্বার।
বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়াই নয়, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বক্তারা দেশের সব শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
এই বাংলা/এমএস