কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে শহীদ রায়হানের পরিবারের খোঁজখবর নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতাকর্মীরা তার বাড়িতে গিয়েছেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রায়হানের বাড়িতে যান। সেখানে তারা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং রায়হানের আত্মত্যাগের স্মৃতিচারণ করেন।
এ সময় ছেলেকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ রায়হানের বাবা। তিনি বলেন, তার একমাত্র ছেলে রায়হান পরিবারের সবচেয়ে বড় ভরসা ছিলেন। আন্দোলনে অংশ নেওয়ার আগে তাকে বিরত থাকার পরামর্শ দেওয়া হলেও অন্যায়ের প্রতিবাদে তিনি ঘরে বসে থাকতে পারেননি। আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি প্রাণ হারান, রেখে যান পরিবার ও দুই বছরের একটি সন্তান।
শহীদ রায়হানের বাবার আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে সান্ত্বনা দেন এবং পরিবারের খোঁজখবর নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. লোকমান হোসেন লিমন বলেন, সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শহীদ পরিবারের সঙ্গে দেখা করা হচ্ছে। তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ শুনে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মো. সাজ্জাদ হোসাইন বলেন, শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আত্মত্যাগের কথা জানা এবং সেই স্মৃতি সংরক্ষণ করা সংগঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এ সময় সংগঠনের সাবেক নেতা আতাউর রহমান, মামুনুর রশিদ, হৃদয় বিন আজাদ, আব্দুর রাজ্জাক, বন্ধন ইসলামসহ জেলা শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

