ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে উচ্চ শব্দে ডিজে নিষিদ্ধ, প্রশাসনের আকস্মিক অভিযান

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির সদর উপজেলার ঐতিহ্যবাহী ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগানের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে উচ্চ শব্দে ডিজে, লাউডস্পিকার ও শক্তিশালী সাউন্ড সিস্টেম ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ ভিমরুলী পর্যটন এলাকায় আকস্মিক পরিদর্শন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক এবং ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, সম্প্রতি কিছু পর্যটক নৌকা ও ট্রলারে উচ্চ শব্দে গান বাজানো এবং ডিজে সাউন্ড ব্যবহারের কারণে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও পর্যটকদের স্বাভাবিক ভ্রমণ পরিবেশ ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই সচেতনতামূলক এই তদারকি ও নির্দেশনা কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিদর্শনের সময় পর্যটক, ট্রলারচালক ও সংশ্লিষ্টদের ভিমরুলী এলাকার শান্ত ও প্রাকৃতিক পরিবেশ বজায় রাখতে নৌযানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম, লাউডস্পিকার কিংবা ডিজে ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভিমরুলীর সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক আসেন। অতিরিক্ত শব্দদূষণের কারণে অনেক সময় দর্শনার্থীদের স্বস্তি নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়।

সচেতন পর্যটক ও স্থানীয়দের মতে, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে ভিমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং পর্যটনবান্ধব পরিবেশ আরও সুরক্ষিত হবে। তারা পর্যটকদেরও দায়িত্বশীল আচরণের মাধ্যমে এই অনন্য ভাসমান পেয়ারা বাজারের পরিবেশ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here