লালপুরে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর বটতলা এলাকার মো. সবুজ আলী (২০) এবং নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাদুর বটতলা (বাগানপাড়া) এলাকার মো. সোহাগ আলী (১৯)।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে মোছা. জেসমিন নাহার (৪০) ডাচ্-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা একটি ভ্যানিটি ব্যাগে রেখে চার্জারচালিত ভ্যানে করে বৈদ্যনাথপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনার দিনই ভুক্তভোগী লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে থানা চত্বরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here