ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর

নাটোরে কলেজ ভবন ও সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নাটোর প্রতিনিধি :

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী অপচেষ্টা জনগণ সম্মিলিতভাবে প্রতিহত করবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুরে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবন এবং একটি সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো ধরনের ফ্যাসিবাদের স্থান হবে না। জনগণের ঐক্যই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রধান শক্তি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে এসব অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর এবং বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, বিএনপি নেতা কাজী শাহ আলম, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here