লালদীঘিতে জামায়াতে ইসলামীর জনসভা ৫ ডিসেম্বর; নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি

0
134
৫ ডিসেম্বর পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে জামায়াতের জনসভা / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

আসন্ন ৫ ডিসেম্বর (শুক্রবার) চট্টগ্রামের লালদীঘি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনসভা আয়োজন করতে যাচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি তুলে ধরতেই এ জনসভার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা এসব তথ্য জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন এখন শুধু রাজনৈতিক দাবি নয়—এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। গণভোট ছাড়া নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আগের সরকার জনগণের ভোটাধিকার হরণ, বিরোধীদের ওপর নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করে দিয়েছে। এসব অপরাধের বিচার না হলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

জামায়াতের পাঁচ দফা দাবি:

১. জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩. সবার জন্য সমান রাজনৈতিক পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. গত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারী শক্তির সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫ ডিসেম্বরের সমাবেশে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, খেলাফত মজলিস মহানগর আমীর মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টির নগর আমীর মাওলানা জিয়াউল হোছাইন, জাগপার চট্টগ্রাম নগর সভাপতি আবু জাফর মোহাম্মদ আনাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here