গাকৃবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’ চ্যাম্পিয়ন

0
169
গাকৃবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :

“ভাবনার শক্তিতে গড়ে ওঠা, গৌরবের লক্ষ্যে প্রতিযোগিতা”—এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো দ্বিতীয় আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল। রোববার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সপ্তাহব্যাপী আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের আটটি দল অংশ নেয়। চার রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতা শেষে সেমিফাইনালে উঠে চার দল। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ এবং বন ও পরিবেশ অনুষদের ‘সংশপ্তক’।

ফাইনালের মোশন ছিল— ‘এলডিসি থেকে উত্তরণ বিলম্বিকরণ জাতীয় স্বার্থের পরিপন্থী।’ উভয় দলই যুক্তি, বিশ্লেষণ ও তথ্যনির্ভর উপস্থাপনায় দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। কঠিন লড়াই শেষে বিচারকদের মূল্যায়নে চ্যাম্পিয়ন হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’ দল।

ব্যক্তিগত পুরস্কার: ডিবেটার অব দ্য টুর্নামেন্ট: ‘সংশপ্তক’ দলের আন্না মারিয়া ফাল্গুনী, ডিবেটার অব দ্য ফাইনাল: ‘থ্রি মাস্কেটিয়ার্স’ দলের ফাতেমা তুজ জোহরা।

ফাইনালে স্পিকারের দায়িত্বে ছিলেন গাকৃবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মেহেদী হাসান। বিচারক হিসেবে ছিলেন সাবেক সহ-সভাপতি মোস্তাকিম বিল্লাহ, মাহবুব হাসান রিফাত, সাবেক সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম শাফি এবং ডুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি মো. হাবিবুর রহমান।

পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব এবং ইতিবাচক মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা যে বুদ্ধিবৃত্তিক পরিপক্বতার পরিচয় দিয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।”

বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা ও প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।

অনুষ্ঠানের শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ে যুক্তিবাদী ও মননশীল চর্চাকে আরও বেগবান করবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here