রৌমারী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে টহলে আনসার ও গ্রামপুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলা‌দেশ-বি‌জি‌বি। সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি এবার মাঠে নেমেছেন আনসার-ভিডিপি ও গ্রামপুলিশ সদস্যরা।

বুধবার (১০ জুন) রাত থেকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বর্ডার আউট পোস্টগুলোতে (‌বিও‌পি) বি‌জি‌বির সঙ্গে আনসার-ভিডিপি ও গ্রামপুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) মোঃ রাফিউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত পরিস্থিতি বিবেচনায় বি‌জি‌বির চা‌হিদার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সহায়তা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রৌমারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রৌমারী সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির নিয়মিত টহল দ‌লকে সহায়তা দি‌তে ৮০ জন আনসার-ভিডিপি সদস্য এবং ৬০ জন গ্রামপুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, শনিবার থেকে বুধবার পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা চালিয়ে আসছে বিএসএফ। বিশেষ করে, রাতের অন্ধকারে সীমান্তের আলোক ব‌্যবস্থা বন্ধ করে দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠানোর পাঁয়তারা করা হচ্ছে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কড়া পাহারার কারণে বিএসএফের কয়েক দফা পুশ ইন চেষ্টা ‘ব্যর্থ’ হয়েছে। সীমান্ত নজরদা‌রিতে বি‌জি‌বিকে সহায়তা করতে আনসার ও গ্রামপু‌লিশ সদস‌্যদের সংযু‌ক্তি দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছাঃ মনোয়ারা বেগম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সহায়তা করতে আনসার সদস্যদের যুক্ত করা হয়েছে।

মোঃ এরশাদ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি জানান, দিনের বেলায় আমরা নিজ নিজ পেশাগত কাজে ব্যস্ত থাকলেও রাত হলেই সীমান্ত এলাকায় এসে বিজিবি সদস্যদের পাশে দাঁড়াই। সীমান্তে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আমরা স্বেচ্ছায় রাতভর পাহারা দিচ্ছি।

নিয়মিত টহলে অংশ নেওয়া আনসার সদস্য মোঃ রাজু আহমেদ বলেন, বিজিবির পাশাপাশি আনসার বাহিনী যুক্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা এখন আরও শক্তিশালী হয়েছে।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসানুর রহমান বলেন, সীমান্তে পুশইন প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম আরও বেগবান করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা বিজিবিকে সার্বিক সহযোগিতা প্রদান করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here