কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পল্লী বিদ্যুতের কাঠের খুঁটি চুরি করে বিক্রি ও নৌকা নির্মাণের অভিযোগ উঠেছে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্থ ঠিকাদারের ফোরম্যান মোঃ মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা এলাকায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (৩ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, রৌমারী–রাজীবপুরে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ তদারকির দায়িত্বে থাকা ফোরম্যান মিজান দীর্ঘদিন ধরে পুরাতন ও নতুন লাইনের কাঠের খুঁটি আত্মসাৎ করে বিক্রি করছেন। তারই গ্রামের বাসিন্দা গোলাম হোসেনের কাছে ১৪ হাজার টাকায় একটি বিদ্যুতের খুঁটি বিক্রির প্রমাণ পাওয়া গেছে। ওই খুঁটির কাঠ দিয়ে গোলাম হোসেন একটি ঘর নির্মাণ করেছেন।
এছাড়া চুরি করা একাধিক কাঠের খুঁটির কাঠ ব্যবহার করে প্রায় ৪০ হাত লম্বা একটি নৌকা তৈরি করেন মিজান। নৌকাটি বর্তমানে ব্রহ্মপুত্র নদে ভাড়ায় চলাচল করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, আরও বেশ কয়েকজন ব্যক্তির কাছেও একইভাবে খুঁটি বিক্রি করা হয়েছে।
অভিযোগ স্বীকার করে ফোরম্যান মিজান বলেন, “ডিজিএম স্যারের সঙ্গে কথা বলে নৌকাটি করা হয়েছে। আর একটি খুঁটি গোলাম হোসেনের কাছে কিছু টাকা নিয়ে দেওয়া হয়েছে।”
তবে পল্লী বিদ্যুতের রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ দেলোয়ার হোসেন বলেন, “আমি যোগদানের আগে এসব ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ—দীর্ঘদিন ধরে সরকারি সম্পদ আত্মসাৎ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর মনিটরিং না থাকায় এমন অনিয়ম বারবার ঘটছে।
এই বাংলা/এমএস
টপিক

