নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে যোগদানপত্র দাখিলের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।
এ উপলক্ষে ভাইস চ্যান্সেলরের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে রুয়েট পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত প্রো-ভিসিকে অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান ড. আখতার হোসেনকে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এস এম জহুরুল ইসলাম, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার অমিত রায় চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে রুয়েটের প্রো-ভিসি পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১২(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

