ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যদের দাবি, গত ৪ মে পূর্ব ছাতনাই ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেনের কাছ থেকে সাক্ষীর উপস্থিতিতে ২ লাখ ৮০ হাজার টাকা ধার নেন রিপন ইসলাম। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ২১ জুন টাকা ফেরত দেওয়ার কথা বলে রিপন ইসলাম ও আশরাফ আলী ফারুক হোসেনকে সিরাজের চৌপতী এলাকায় ডেকে নেন। সেখানে রাত পর্যন্ত অপেক্ষা করানোর পর কয়েকজন মিলে তাকে নির্জন স্থানে নিয়ে মারধর করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিবারের দাবি, এ ঘটনায় ডিমলা থানায় লিখিত অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ফারুক হোসেনের স্ত্রী কামরুন্নাহার। মঙ্গলবার সকালে তিনি ঘাস মারা কীটনাশক পান করেন।
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত রিপন ইসলাম ও আশরাফ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “আমি বাইরে আছি। থানায় ফিরে নথিপত্র না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।”
ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এই বাংলা/এমএস
টপিক

