ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীর ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাহিদ হাসান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয়রা।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য বলেন, বিষখালী নদীর ভাঙন থেকে জনপদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে, যাতে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা নিয়ন্ত্রণে রাখা যায়। আগামী মৌসুমের মধ্যে স্থায়ীভাবে ব্লক দিয়ে ভাঙন রোধের কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে প্রকল্পটি দুটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে। এতে ৪৫ মিটার ও ৪২ মিটারসহ মোট ৮৭ মিটার ভাঙন কবলিত এলাকায় প্রায় ১৫ হাজার জিও ব্যাগ ফেলা হবে। পর্যায়ক্রমে আরও তিনটি প্যাকেজে ভাঙন রোধ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এর আগে ১৩ মে বাদুরতলা বাজার এলাকা পরিদর্শন করে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
এই বাংলা/এমএস
টপিক

