মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) দিনব্যাপী মিরসরাই কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
ভোটের ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ফারুক।
সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মোট ৯৫০ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটের ফলাফল অনুযায়ী সভাপতি পদে আশরাফ উদ্দিন ৪৭২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ফারুক ৪৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

