রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনে জমে উঠেছে ভোটযুদ্ধ। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক—এই চারটি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আরিফ হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন—মো. হাসেন আলী, আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি ও খন্দকার মিজানুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন শফিউল আলম ও শামসুর রহমান শান্তন।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব জিয়া উদ্দিন আহমেদ ও একেএম সারওয়ার জাহান।
পরিচালক পদে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ট্রেড গ্রুপ পরিচালক পদে নজরুল ইসলাম হেলাল ও এসএম আহসান হাবীব প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পরিচালক পদে ৩৭ জনের বেশি প্রার্থী অংশ নিয়েছেন।
নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার ও বোরহান উদ্দিন অন্তর এবং চেম্বারের সচিব মুয়াক্ষেরুক হুদা।
ব্যবসায়ী নেতারা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং রাজশাহীর ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।
এই বাংলা/এমএস
টপিক

