নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের রাউজান উপজেলায় প্রকাশ্য দিবালোকে মাকসুদুল চৌধুরী (মাসুদ চৌধুরী) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, হামলায় মোট ৬ জন অংশ নেয়, যার মধ্যে ২ জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাকসুদুল চৌধুরী বেতাগী ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে পাহাড়তলী বাজারে অবস্থানকালে ৬ জনের একটি দল তাকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের মধ্যে দুজন খুব কাছ থেকে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার জানান, সিসিটিভি ফুটেজে ৬ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনের হাতে পিস্তল দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে এবং পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।
এই বাংলা/এমএস
টপিক

