ভাঙ্গায় বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে সংঘর্ষ, আহত ৮

দুই পক্ষের মামলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের কামারবাড়ি সংলগ্ন বটতলা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন সোরহাব শেখের বাড়িতে তাঁর ছেলে লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামবাসী ও বরযাত্রীদের আপ্যায়নের সময় খাবার পরিবেশন নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি এবং সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের আরও লোকজন জড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

আহতদের একজন শাহীদা বেগম অভিযোগ করেন, দাওয়াত পেয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার পর খাবার পরিবেশনের সময় তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এ নিয়ে প্রতিবাদ করলে তাঁর ছেলে ও পরিবারের সদস্যদের মারধরের শিকার হতে হয়।

একই অভিযোগ করেন তাঁর পুত্রবধূ স্বপ্না বেগম। তিনি জানান, কথা-কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁর স্বামীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে সোরহাব শেখের পরিবারের এক সদস্য দাবি করেন, প্রথমে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় রুনা বেগম নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট এবং তাঁকে নির্যাতনের অভিযোগ তুলেছেন। তবে অভিযোগে নাম আসা কয়েকজন ব্যক্তি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রুহুল আমিন মাতুব্বর বলেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এবং ঘটনার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। একইভাবে ইউনুস মাতুব্বর দাবি করেন, তিনি পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন।

এদিকে তোতা মাতুব্বর অভিযোগ করেন, সংঘর্ষ শেষে ফেরার পথে তাঁদের ওপর হামলা চালানো হয়। অপরদিকে রিপন মাতুব্বর বলেন, আরিফ মাতুব্বরের পা সংঘর্ষে নয়, বরং পূর্বের একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় উভয় পক্ষ পৃথক মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নজরদারিতে স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here