বরিশাল ব্যুরো :
বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ট্রলারে থাকা পাঁচজন জেলের মধ্যে একজন প্রাণে বেঁচে তীরে ফিরতে সক্ষম হলেও অপর চারজনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধার পাওয়া জেলে শামিম হোসেন (২৫) জানান, তিনি এবং আরও চারজন জেলে ট্রলার নিয়ে মাছ ধরতে মেঘনা নদীতে যান। রাতে নদীতে জাল পেতে ট্রলারটি নোঙর করে তারা ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ একটি বিকট শব্দ ও প্রবল ধাক্কায় ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই ট্রলারটি উল্টে গেলে সবাই নদীতে পড়ে যান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, পাঁচজনই সাঁতরে তীরে ওঠার চেষ্টা করলেও কেবল তিনিই তীরে পৌঁছাতে সক্ষম হন। অন্য চারজন নদীর প্রবল স্রোতে তলিয়ে যান। হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে।
শামিম হোসেনের ধারণা, কোনো লঞ্চ বা বড় নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যেতে পারে, তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা হারুন-অর-রশিদ মৃধা জানান, দুর্ঘটনার পর রাতেই একজন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ চার জেলের কোনো খোঁজ মেলেনি।
নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশনের ইনচার্জ মো. এনামুল হক জানান, খবর পাওয়ার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করা হয়েছে। হিজলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের জন্য নৌ-পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বাংলা/এমএস
টপিক

