মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারি মাদরাসার দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছরারকুল এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম (১৮) ও মোহাম্মদ কাওছার (১৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বাইক রাইডার মোটরসাইকেলযোগে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে নয়দুয়ারি এলাকায় মাদরাসার শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল (ফেনী-ল ১১-২৫৪৭) নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে চারজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
আহতরা হলেন—মুসলিম উদ্দিন (১৭) ও আরমান (১৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী অনিক জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানী বলেন, নয়দুয়ারি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

