শাবিপ্রবি প্রতিনিধি :
দীর্ঘ ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ—শাকসু নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ঘোষিত তারিখকে ‘অযৌক্তিক’ দাবি করে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার রাত ৯টায় উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন,
“১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার খুব দ্রুত তফসিল ঘোষণা করবেন। এতদিন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।”
তারিখ ঘোষণার পরপরই অনেক শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও নির্বাচন কমিশনকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, “নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ঘোষিত তারিখে নির্বাচন দিলে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে থাকবে না, এতে নির্বাচন বানচাল হতে পারে।”
১৯ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু। ১৪ ও ১৬ ডিসেম্বর জাতীয় দিবস থাকায় ক্যাম্পাস বন্ধ। অনেক শিক্ষার্থী ১৩ ডিসেম্বরের পর বাসায় চলে যাবে।
তাদের দাবি, আগামী ৮ ডিসেম্বরের মধ্যে শাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশাসন নতুন কোনো সিদ্ধান্ত নেয় কি না, এখন তা-ই দেখার অপেক্ষা।

