স্টাফ রিপোর্টার :
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দিয়েছে রাজশাহী প্রেসক্লাব।
বৃহস্পতিবার প্রেসক্লাবের এক জরুরি সভায় এ কর্মসূচির ঘোষণা দেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন। তিনি বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধে একের পর এক হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশে শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, আসন্ন মানববন্ধনে রাজশাহীসহ বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক, মানবাধিকারকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, সিনিয়র সাংবাদিক অলিউল রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে মানববন্ধন সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

