বাগেরহাট প্রতিনিধি :
এইচএসসি পরীক্ষার্থী ইকনকে নিয়ে প্রকাশিত মানবিক প্রতিবেদন সাড়া ফেলেছে দেশ-বিদেশে। সংবাদ প্রকাশের পর অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান তার চিকিৎসা ও লেখাপড়া চালিয়ে যেতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থ, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন এবং ইকনের মামা বাবু উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সহায়তা পেয়ে ইকন ও তার পরিবারের সদস্যরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংবাদ প্রকাশের পর দেশ-বিদেশ থেকে এগিয়ে আসা সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৪৬ বছর বয়সী ইসরাফিল মোটরসাইকেল চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
ইকনের পৈতৃক বাড়ি গোপালগঞ্জে হলেও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালক হিসেবে চাকরির সুবাদে তার পরিবার দীর্ঘদিন ধরে বাগেরহাটে বসবাস করছে। অবসরের পর ইকনের দাদা গোপালগঞ্জে ফিরে গেলেও ইসরাফিল বাগেরহাটেই থেকে যান। বর্তমানে ইকন তার মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে মাসিক ৪ হাজার টাকা ভাড়ার একটি বাসায় বসবাস করছে।
এই বাংলা/এমএস
টপিক

