ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকায় গত মঙ্গলবার রাত ৮টায় সংঘটিত আলোচিত ফয়সাল আহমেদ রিগান হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার, ৮ ডিসেম্বর, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে অংশ নেন নিহতের পরিবার-পরিজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ছাত্র-যুবসমাজসহ বিপুল সংখ্যক মানুষ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুরো কর্মসূচি জুড়ে বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন, রিগানকে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ন্যায়বিচার ছাড়া প্রশমিত হবে না।
তারা দাবি জানান, অকিব ও নাজমুলসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিতে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
নিহত রিগানের পরিবার মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা শুধুই ন্যায়বিচার চাই। আমাদের ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের কঠোর শাস্তি না হলে আমাদের শান্তি নেই।”
এলাকাবাসী দাবি জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে এবং প্রশাসনকে ৭২ ঘন্টার ভিতরে আসামিকে গ্রেপ্তার করার জন্য আল্টিমেটাম দিয়েছে।
এলাকাবাসীর এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি ময়মনসিংহের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিহত রিগানের পরিবার ও এলাকাবাসীর দাবি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হলে তারা রাজপথ ছাড়বে না।
এই বাংলা/এমএস
টপিক

