ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে উপজেলার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ী গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘাইবাড়ী গ্রামের মৃত শরিফুল ইসলাম শরীফের ছেলে তহুরুল (৩০) এর বাড়ির অটোচার্জার গ্যারেজে রাখা একটি অটোরিকশার চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় তহুরুল এবং একই গ্রামের সাইফুদ্দিন মাস্টারের ছেলে রেজাউল (৪০)কে আটক করা হয়। উদ্ধার হওয়া স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
পুলিশের দাবি, আটক দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এবং আরও কয়েকজন পলাতক ব্যক্তির সহযোগিতায় এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

