বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজারের দক্ষিণ পাশে একটি বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে টিনের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। জমিটি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকায় ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, বিরোধপূর্ণ জমি সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী বেতাগী থানায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষিতে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদারের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগকারী ও মামলার বাদী মো. সগীর আকন জানান, গত ১ আগস্ট গভীর রাতে দুর্বৃত্তরা তার দাবি করা জমিতে থাকা বসতঘরের সামনে টিনের বেড়া নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়াতে চাই না। আমার ক্রয়সূত্রে প্রাপ্ত ও আদালতের রায়ে স্বীকৃত জমির সামনে গভীর রাতে জোরপূর্বক টিনের বেড়া দেওয়া হয়েছে। আমি প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছি এবং অভিযুক্ত ফারুকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
সগীর আকন আরও দাবি করেন, তিনি ক্রয়সূত্রে ০.১১ শতাংশ জমির মালিক হলেও দাতা তাকে সম্পূর্ণভাবে জমি বুঝিয়ে দিতে পারেননি।
অভিযোগ অস্বীকার করে মো. ফারুক হাওলাদার বলেন, সালিশি বৈঠকে নির্ধারিত সীমা অনুযায়ী মো. সগীর আকনের ৮ দশমিক ৫ ফুট ক্রয়সূত্রের জমি রেখে তিনি নিজের অংশে টিনের বেড়া নির্মাণ করেছেন। অন্যের জমি দখল করে তিনি কোনো কাজ করেননি বলেও দাবি করেন।
এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, “জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান ছিল। পরে উভয় পক্ষ একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় এবং জমিটি একাধিকবার পরিমাপ করা হয়েছে। সম্প্রতি শুনেছি, সেখানে টিনের বেড়া দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

