শিবগঞ্জে তিনদিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন, হেলিপ্যাডেরও উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার :

বগুড়ার শিবগঞ্জে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। একইসঙ্গে তিনি উপজেলার নবনির্মিত হেলিপ্যাডেরও উদ্বোধন করেন।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় শিবগঞ্জ গোলচত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, সরকার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বনভূমি সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জাতীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সড়কের পাশে, খাল-বিলের তীরে, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও জানান তিনি।

বৃক্ষমেলায় উপজেলার ১৫টি নার্সারি ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা নিয়ে অংশগ্রহণ করে। প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করে প্রদর্শিত চারাগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জে নবনির্মিত হেলিপ্যাডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here