কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় মাদক কারবারির সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল অফিসার মুনতাসির মামুনের নেতৃত্বে উপজেলার সোনাতলী গ্রামের মোছাঃ জরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আটক ব্যক্তিরা হলেন—সোনাতলীর জরিনা, জয়পুরহাটের পাঁচবিবি থানার ভিমরুল গ্রামের রবিউল, দিনাজপুরের হাকিমপুরের গোলেজান, ফুলবাড়ীর গুচ্ছগ্রামের রুমি এবং রংপুরের বদরগঞ্জের শাপলা।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে নগদ ৪৮ হাজার ৩০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ১৩টি কস্টেপ, ১টি কাঁচি ও একটি ডিসকভার ১৩৫ মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যদিও তাদের কাছে কোনো মাদক পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদের সময় ভূরুঙ্গামারীতে তাদের উপস্থিতি ও জব্দকৃত সামগ্রীর বিষয়ে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি তারা।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল হেলাল মাহমুদ বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

