পিরোজপুর প্রতিনিধি :
“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা শাখা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহীদ মিনার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সংগঠনের জেলা সভাপতি সাংবাদিক এম. এ. রাব্বানী ফিরোজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক।
এছাড়া বক্তব্য রাখেন—আইডিইবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলাম এবং জেলা অর্থ সম্পাদক হোসনেয়ার পপি প্রমুখ।
বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু ন্যায্য মর্যাদা ও পেশাগত অধিকার থেকে তারা এখনো বঞ্চিত। বক্তারা সংগঠনের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে জাতীয় ঐক্যের জোর দাবি তোলেন।
এই বাংলা/এমএস
টপিক

