কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজারে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলা, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভুক্তভোগী স্থানীয়রা ভূরুঙ্গামারী থানার এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময় নির্দোষ ব্যক্তিদের হয়রানি করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এবং মামলা বাণিজ্যের মাধ্যমে হয়রানি চালানো হচ্ছে। তাদের দাবি, ২০২৫ সালের ৫ জানুয়ারি চর ভূরুঙ্গামারী এলাকায় একটি অভিযানের পর “হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই” সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ কয়েকজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয় বলে অভিযোগ করেন বক্তারা। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি দেখিয়ে গ্রেপ্তার ও কারাবরণের ঘটনা ঘটেছে বলেও তারা দাবি করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হলে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারাবে। তারা অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

