কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকার বারোমাসিয়া নদীর তীরে বিলুপ্তপ্রায় শামুকখোল পাখির দেখা মিলেছে। দীর্ঘদিন পর এ পাখিটি স্থানীয়ভাবে দেখা যাওয়ায় পরিবেশপ্রেমী ও পাখিপ্রেমীদের মধ্যে আনন্দ ও কৌতূহল তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলের শান্ত পরিবেশে নদীর তীর ঘেঁষে পাখিটিকে ধীরগতিতে হাঁটতে দেখা যায়। এটি জলজ প্রাণী ও শামুক সংগ্রহ করে খাদ্য গ্রহণ করছিল। ঘটনাস্থলে থাকা স্থানীয় কলেজশিক্ষার্থী অসীম কুমার রায় প্রথম পাখিটিকে দেখতে পান এবং পরে এর ছবি ধারণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, একসময় এ অঞ্চলের নদী-নালা, খাল-বিল ও জলাভূমিতে শামুকখোলসহ বিভিন্ন দেশীয় পাখির ব্যাপক উপস্থিতি ছিল। কিন্তু সময়ের সঙ্গে জলাভূমি সংকোচন, পরিবেশগত পরিবর্তন ও খাদ্য সংকটের কারণে এসব পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরিবেশবিদ ও স্থানীয় সাংবাদিক মো. সিদ্দিকুর রহমান শাহিন জানান, শামুকখোল সাধারণত জলাভূমিনির্ভর পাখি। জলজ খাদ্যের প্রাচুর্য ও অনুকূল পরিবেশ থাকলে এসব পাখি আবারও ফিরে আসতে পারে। তিনি নদী, খাল-বিল ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষার আহ্বান জানান।
পাখিপ্রেমী ও কবি মো. আব্দুল হানিফ সরকার বলেন, দীর্ঘদিন পর শামুকখোলের উপস্থিতি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক সংকেত। পরিবেশ সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে আরও দেশীয় পাখির দেখা মিলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, বারোমাসিয়া নদীর তীরে এ ধরনের বিরল পাখির উপস্থিতি প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্যের পুনরুদ্ধারের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

