ভুয়া এনআইডি ব্যবহার করে কোটি টাকা ঋণ আত্মসাৎ: দুদকের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার

0
213
র‍্যাবের অভিযানে গ্রেপ্তার আলমগীর হোসেন / ছবি - এই বাংলা

নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীতে আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকের নামে–বেনামে ঋণ দেওয়ার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার রাতে চট্টগ্রামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরদিন রোববার সকালে তাঁকে নোয়াখালীতে দুদকের তদন্ত টিমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

দুদকের তথ্য অনুযায়ী, সেনবাগ ও দত্তেরহাট শাখায় দায়িত্ব পালনকালে আলমগীর হোসেন অসংখ্য ভুয়া গ্রাহকের নামে ঋণ খোলেন। এসব ঋণের অধিকাংশ গ্রাহকের অস্তিত্বই নেই। জাল এনআইডি, ভুয়া মোবাইল নম্বর এবং গ্রাহকদের না জানিয়ে ঋণ উত্তোলনের মাধ্যমে তিনি ১০ কোটির বেশি অর্থ হাতিয়ে নেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

গত ২০ অক্টোবর দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ব্যাংক শাখায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথি সংগ্রহ করে। এসব নথি যাচাই–বাছাই করে অনিয়ম ও জালিয়াতির স্পষ্ট প্রমাণ মেলে। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তেও একই অনিয়মের সত্যতা পাওয়া যায়। এরপর দুদক নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুটি মামলা দায়ের করে।

দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ বলেন, “দুটি মামলায় ৯ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে আলমগীর হোসেনের বিরুদ্ধে। র‍্যাবের সহযোগিতায় তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।”

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালীর জেলা কমান্ড্যান্ট সুজন মিয়া জানান, “আমাদের সদস্যদের নাম ব্যবহার করে ভুয়া ঋণ দেখিয়ে টাকা তোলার ঘটনাও তদন্তে উঠে এসেছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আটকের পরে জালিয়াতির পুরো চক্র শনাক্ত ও অর্থ পুনরুদ্ধারে আরও তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here