কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানায় ভূমি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত একাধিক ব্যক্তি আহত হয়ে কুড়িগ্রাম ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ছিলাখানায় এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মোঃ বছির উদ্দিনের ছেলে মোঃ মানিক উল্লাহ ও মোঃ নুর মোহাম্মদ এবং মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ আলতাফ হোসেন ও মোঃ আজিজার রহমান যৌথভাবে ১৮ শতক জমি ক্রয় করেন। পরে জমিটির দখল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও বিরোধ মেটেনি।
রোববার সকালে আলতাফ হোসেন ও আজিজার রহমান তাঁদের লোকজন নিয়ে জমিটি দখলে যাওয়ার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোঃ মানিক উল্লাহর ছেলে মোঃ এরশাদুল হক (৪২) এবং খাদে হোসেনের স্ত্রী মোছাঃ কুলছুম বেগম (৫০)। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোঃ আলতাফ হোসেন (৫৫)।

সংঘর্ষে গুরুতর আহত হন সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২), মোফাজ্জল হোসেন (২৪), মঞ্জুয়ারা বেগম (৩৫)সহ আরো কয়েকজন। তাঁদের মধ্যে চারজনকে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, “ভূমি নিয়ে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান।”
এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।
এই বাংলা/এমএস
টপিক

