ভাণ্ডারিয়ায় অবৈধভাবে মজুদ করা ১৪৫৮ লিটার জ্বালানি তেল জব্দ: ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে পৌরসভার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২:৪৫ মিনিটে ভাণ্ডারিয়া পৌরসভাধীন ‘খান ভ্যারাইটিস স্টোর’-এর একটি গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গুদাম থেকে ৪৪০ লিটার ডিজেল ও ১০১৮ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

জ্বালানি বিক্রির বৈধ কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে এই বিপুল পরিমাণ পেট্রোলিয়াম পণ্য মজুদ করায় প্রতিষ্ঠানের মালিক এবাদুল খান নিজের দোষ স্বীকার করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা মোতাবেক অভিযুক্ত এবাদুল খানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জব্দকৃত জ্বালানি তেলের বিষয়ে আদালত নির্দেশ দেন যে, এগুলো সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় ডিলারদের কাছে বিক্রয় করতে হবে। সেই প্রেক্ষিতে উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ ও মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের নিকট জব্দকৃত তেল বিক্রয় করা হয়।

তেল বিক্রয়লব্ধ মোট ১ লক্ষ ৫৪ হাজার ৭৪৭ টাকা ৯০ পয়সা এ-চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

‎এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here