কুড়িগ্রাম প্রতিনিধি :
ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজিবপুর উপজেলা থেকে কুড়িগ্রাম জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের দাবিতে রৌমারী–চিলমারী রুটে সেতু নির্মাণের লক্ষ্যে জনমত সংগ্রহ ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী রৌমারীর ফলুয়ারচর নৌঘাট এলাকায় ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচি চলে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে সেতু নির্মাণের দাবিতে স্বাক্ষর করেন।
ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের সদস্য মাজু ইব্রাহিম বলেন, “জনমতকে ভিত্তি করে আমরা সরকার প্রধানের কাছে আবেদন জানাব। সেতুটি নির্মাণ হলে চার বিভাগের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত হবে এবং ঢাকার দূরত্বও কমে আসবে। এতে এ অঞ্চলের মানুষের জীবনমান পাল্টে যাবে।”
স্থানীয়রা জানান, নৌপথে রৌমারী থেকে চিলমারী যেতে দীর্ঘ সময় লাগে এবং বর্ষায় নদী উত্তাল থাকায় ঝুঁকি থাকে। সেতু হলে যাতায়াত সহজ হবে এবং সরকারও বিপুল রাজস্ব পাবে।
এ সময় বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়ন পরিষদের এস এম মোমেন, নুর আলম খান হিরো, প্রধান সংগঠক মাজু ইব্রাহিম, মোস্তফা কামাল, মাহমুদুল হাসান মাসুদ, লিমন বাদশা, শওকত আলী মণ্ডল, শফিকুল ইসলাম, প্রভাষক ফরিদ উদ্দিন, নাজমুল আলম প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

