নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই আবু বকর ছিদ্দিককে (৬৬) কুপিয়ে হত্যার ঘটনায় তার ছোট ভাই হারুনুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত সোমবার (১২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদকে গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী শহরের শহীদ সেলিনা পারভীন সড়ক এলাকা থেকে আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
র্যাব জানায়, ভিকটিম আবু বকর ছিদ্দিকের সঙ্গে হারুনুর রশিদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ৩০ ডিসেম্বর সকালে বসতবাড়ির সামনে জমিতে হাল চাষ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিবাদে হারুনুর রশিদ ধারালো ছেনি দিয়ে আবু বকরের দুই পায়ের হাঁটুর নিচে কোপ দেন। পরে অন্যান্যরা লাথি ও কিলঘুষি মারেন। গুরুতর আহত আবু বকরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী বেগমগঞ্জ মডেল থানায় ২ জনকে নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা পলাতক থাকায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্ত হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
হারুনুর রশিদকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

