নীলফামারী প্রতিনিধি :
বুড়ি তিস্তা নদী খনন করে সেচ সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে নীলফামারীর জলঢাকা উপজেলার কৃষকরা। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জলঢাকা–ডিমলা সড়কের কালিগঞ্জ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা সড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পথচারীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধনে বক্তব্য দেন শফিক হোসেন, জামাল, আরশাদ ইসলাম, দুলাল হোসেন, জয়নাল আলী, ফরিদ খান, সাব্বির হোসেনসহ স্থানীয় কৃষকরা।
কৃষকদের অভিযোগ, দীর্ঘ ২২ বছর ধরে তারা পর্যাপ্ত সেচ সুবিধা পাচ্ছেন না। নদী খনন না হওয়ায় সেচ ক্যানেলে পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে কালিগঞ্জ মৌজা, গোলনা, বালাপাড়া, মীরগঞ্জ, খেরকাটি, ডিমলা সদর, নাউতারা ও পচারহাট মৌজাসহ সাতটি ইউনিয়নের কৃষক সেচ সংকটে ভুগছেন।
বক্তারা জানান, ক্যানেলে পানি না থাকায় বিদ্যুৎ ও জ্বালানিনির্ভর সেচ দিতে গিয়ে ব্যয় বেড়ে যাচ্ছে কয়েকগুণ। যেখানে ক্যানেলপথে বিঘা প্রতি ২০০ টাকায় সেচ দেওয়া সম্ভব—সেখানে এখন খরচ হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা। দ্রুত বুড়ি তিস্তা নদী খননের দাবি জানিয়ে তারা সতর্ক করেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান জানান, বুড়ি তিস্তার জলাধার খনন প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল কাজটিতে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বছরে অতিরিক্ত ২৬ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদন হবে এবং সাড়ে ১৫ কোটি টাকার জ্বালানি সাশ্রয় সম্ভব হবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজ শুরুর বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।
এই বাংলা/এমএস
টপিক

