স্টাফ রিপোর্টার :
বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে একই এলাকার তিন শিশু—ফাহিম (৮), সুরাইয়া খাতুন (৫) ও জাকিরুল ইসলাম (৬) নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরে গ্রামের একটি খাস পুকুরে জাকিরুল ইসলামের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর নিখোঁজ থাকা অপর দুই শিশুর সন্ধানে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে একই পুকুর থেকে সুরাইয়া খাতুনের মরদেহ উদ্ধার করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত ফাহিম ও সুরাইয়া ভালতা আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা ফারুকের ছেলে ও মেয়ে। অপর শিশু জাকিরুল ইসলাম একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
খবর পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একসঙ্গে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে ভালতা আদর্শ গুচ্ছগ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে পুকুর ও অন্যান্য জলাশয়ের চারপাশে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা জরুরি।
এই বাংলা/এমএস
টপিক

