ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় ফটক (গেট) হঠাৎ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুল প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ বা বের হওয়ার সময় হঠাৎ গেটটি ভেঙে পড়ে। এতে দুই ছাত্রী গেটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুরে পাঠানো হয়।
আহত শিক্ষার্থীরা হলো—প্লে-নার্সারির নাফিসা জান্নাত ও তাসনিম সিদ্দিকী তোহা। এছাড়া মনীষা নামে আরও এক শিক্ষার্থী সামান্য আহত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঘটনার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “হঠাৎ গেটটি ভেঙে পড়ায় নাফিসা জান্নাত ও তাসনিম সিদ্দিকী তোহা গুরুতর আহত হয়েছে। তারা বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মনীষা নামে আরেক শিক্ষার্থী সামান্য আহত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকরা।

