বকশীগঞ্জ প্রতিনিধি :
বকশীগঞ্জ উপজেলার ৩নং বাট্টাজোর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোয়ালগাঁও ফজিলতপাড়া এলাকায় বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আমগাছে একযোগে মুকুল ধরেছে। এর ফলে চারপাশে ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ, যা স্থানীয়দের মনে এনে দিয়েছে বাড়তি আনন্দ ও আশাবাদ।
স্থানীয়রা জানান, এই বছর অনুকূল আবহাওয়ার কারণে আমগাছে তুলনামূলক বেশি মুকুল এসেছে। সকাল-বিকেল হালকা বাতাসে সেই মুকুলের সুবাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। অনেকেই বলছেন, কয়েক বছর পর এমন মনোরম দৃশ্য দেখা গেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফজিলতপাড়ার বাসিন্দারা জানান, প্রতিটি বাড়িতে এখন আমের মুকুল শোভা পাচ্ছে। গাছের ডালে ডালে হলুদাভ মুকুলে ভরে গেছে চারপাশ। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষি বিশেষজ্ঞরা বলেন, সময়মতো পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে ভালো ফলন পাওয়া সম্ভব। বিশেষ করে ঝড়-বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণ থেকে গাছ রক্ষায় সতর্ক থাকতে হবে।
আমের মুকুলে ভরা গোয়ালগাঁও ফজিলতপাড়া এখন যেন এক সুবাসিত জনপদে পরিণত হয়েছে। স্থানীয়রা প্রত্যাশা করছেন, মুকুল ঝরে না পড়ে গাছে গাছে ভরে উঠবে সুস্বাদু আম।
এই বাংলা/এমএস
টপিক

