বকশীগঞ্জ প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে জামালপুরের বকশীগঞ্জে উদ্যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনে বরণ করা হয় বাঙালির এই প্রাণের উৎসব।
নববর্ষের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ভর্তা পরিবেশন, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।
এরপর সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং আমাদের ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু এবং বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রাণবন্ত। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
এই বাংলা/এমএস
টপিক

