বকশীগঞ্জে দুই স্কুলছাত্রী নিখোঁজ, সাত দিনেও সন্ধান মেলেনি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে দুই অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার (১৩) এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আশা মনি (১১)।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় আফসানা আক্তারের বাবা মো. আল আমিন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, মেয়েদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় আছেন। দ্রুত তাদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বকশীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here