পূবাইলে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার পূবাইল এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শনিবার সকালে পূবাইল কলেজ গেট এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইছালী ব্রিজসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে রাস্তা প্রশস্তকরণ, সড়কে কার্পেটিং, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ফুটপাত নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা মানুষের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। আধুনিক ও টেকসই সড়ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে পূবাইলবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, সরকার পূবাইলকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য এলাকায় গড়ে তুলতে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী আবু ছাঈদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আমান উল্লাহ, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলহাজ মজিবুর রহমান কাজল, পূবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, নজরুল ইসলাম, সদস্য সাখাওয়াত হোসেন খোকন, আলহাজ আসাদ হোসেন বুলবুল, গাজীপুর মহানগর বিএনপির সাবেক স্থানীয় বিষয়ক সম্পাদক আলহাজ সুলতান উদ্দিন আহমেদ, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন দেওয়ানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।

স্থানীয়দের মতে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে পূবাইল থেকে গাজীপুর পর্যন্ত যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজট ও জলাবদ্ধতা কমবে এবং ব্যবসা-বাণিজ্যসহ এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here