পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন মাগুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উত্তর মাগুড়া প্রধানপাড়া এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, সংঘর্ষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও দাবি করা হয়।
এছাড়া প্রতিবাদকারী ও স্থানীয় বাসিন্দাদের মিথ্যা মামলায় জড়ানো, প্রাণনাশের হুমকি দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, গত ২৪ জুলাই সংঘটিত একটি ঘটনায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন এবং তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। একই ঘটনায় গবাদিপশু লুট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করা হয়।
বক্তাদের দাবি, এসব ঘটনার কারণে নারী, শিশু ও সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। তাই এলাকায় শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে এলাকাবাসী পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিনের কাছে একটি গণআবেদন জমা দেন।
এ কর্মসূচিতে এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

