পিরোজপুর প্রতিনিধি :
মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পিরোজপুরে র্যাব-৮ এর উদ্যোগে একটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) আয়োজিত এ সভায় মাদক নির্মূল, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ, র্যাব-৮ সিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বায়ক মনিরুজ্জামান নাসিম আলী।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ছোবল, কিশোর গ্যাং সংস্কৃতি এবং প্রযুক্তির অপব্যবহারজনিত অপরাধ থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত র্যাব বা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার মাধ্যমে নিরাপদ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

