কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে উপযুক্ত ভূমি নির্ধারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার মো. ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু ও মো. হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের আমীর মো. আজিজুর রহমান স্বপন, জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো. সফি খান, সাধারণ সম্পাদক মো. মাহফুজার রহমান খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণে স্থানীয় জনগণের প্রত্যাশা ও মতামত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় পূর্বনির্ধারিত নালিয়ার দোলা, ধরলা ব্রিজের পূর্বপাড় এবং দাশেরহাটের ছড়াসহ তিনটি সম্ভাব্য স্থান নিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদল নীতিমালা অনুযায়ী সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করবে। পরিদর্শনের ভিত্তিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উপযুক্ত ভূমি চূড়ান্ত করা হবে।

