পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহিরুল হক নেতৃত্বের গুণাবলি সম্পর্কে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, উত্তম নেতৃত্বের বৈশিষ্ট্য হলো পারস্পরিক ভালোবাসা, দোয়া ও কল্যাণ কামনা। তিনি দায়িত্বশীলদের ঈমান দৃঢ় রাখা, কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা এবং উন্নত চরিত্রের দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, কঠোরতার পরিবর্তে কোমল আচরণ ও সেবার মানসিকতা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং আমানতের খেয়ানত থেকে বিরত থাকতে হবে।
শিক্ষা শিবিরে ইউনিয়ন পর্যায়ে সংগঠন সম্প্রসারণ ও সুসংগঠিত করার লক্ষ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দ্বীনী চেতনা লালন এবং সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মুমিনের দায়িত্ব আল্লাহর কাছে, সংগঠনের কাছে এবং নিজের বিবেকের কাছে জবাবদিহি করা। নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে সাহস ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের নির্দেশনার মধ্য দিয়ে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

